কুমিল্লায় ইয়েস কার্ড পেলেন ৭ জন
গতকাল কুমিল্লায় অনুষ্ঠিত ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা -যাযাদিগতকাল কুমিল্লা শহর ছিল সঙ্গীত অনুরাগী তারুণ্যের জোয়ারে মুখরিত। হাজার হাজার প্রতিশ্রুতিশীল তরুণ গায়ক-গায়িকার পদচারণায় জমজমাট হয়ে ওঠে রেসকোর্স এলাকার ভিউ প্যালেস পার্টি সেন্টার। কাকডাকা ভোর থেকে রাত ৯টা পর্যন্ত তারুণ্যের বাধভাঙা ঢল সামাল দিতে পুলিশ ও আয়োজকদের হিমশিম খেতে হয়। দেশের শীর্ষস্থানীয় সঙ্গীত প্রতিযোগিতা ‘ক্লোজআপ ওয়ান- তোমাকেই খুজছে বাংলাদেশ’ প্রতিযোগিতাকে ঘিরে সৃষ্টি হয় তারুণ্যের এ উন্মাদনা। কুমিল্লা অঞ্চলের প্রতিযোগিতায় অডিশন রাউন্ডে সাত প্রতিযোগী ইয়েস কার্ড লাভ করেছেন। কুমিল্লা অঞ্চলে গতকাল ১ হাজার ৭৩৭ প্রতিযোগী রেজিস্ট্রেশন করে অডিশনে অংশ নেন। প্রতিযোগিতায় ছয়টি বুথে দুজন করে বিচারক দিনভর প্রতিযোগীদের গান শোনেন। বিচারকদের রায়ে ইয়েস কার্ড পাওয়া প্রতিযোগীরা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার হাবিবুন্নেসা ঝিলিক, কুমিল্লা শহরের জোহরা খাতুন পুষ্পা, চাদপুরের আফসানা আউয়াল জেলিন, ব্রাহ্মণবাড়িয়ার সঞ্জয় সূত্রধর, কুমিল্লা শহরের সিরাজুল জান্নাত সোনিয়া, লক্ষ্মীপুরের ইদ্রিস আনোয়ার পরাণ ও ব্রাহ্মণবাড়িয়ার দেলোয়ার হোসেন। অডিশন রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেন অনুপ ভট্টাচার্য, সুজেয় শ্যাম, আনিসুর রহমান তনু, মনোয়ার হোসেন টুটুল, মোঃ জালাল আহমেদ, মোহাম্মদ শাহনেওয়াজ, মোঃ জাহিদ হোসেন, সেলিম আরশাদ, সুজিত মোস্তফা, সাঈদ হাসান টিপু, অনুপ বড়ুয়া ও অমিত দে। এদিকে অডিশন রাউন্ডের প্রতিযোগীদের অপেক্ষমাণ কক্ষে গত বছরের ক্লোজআপ ওয়ান তারকা ফেনীর মেয়ে পুতুল ও আবিদের প্রাণবন্ত উপস্থাপনা ও প্রণোদনামূলক বক্তব্য প্রতিযোগীদের উদ্দীপ্ত করে। এছাড়া আয়োজকদের পক্ষে এম সি আশরাফুল হোসেন কৌশিক অডিশন রাউন্ডে অংশগ্রহণের নিয়মাবলী ঘোষণা করেন। প্রতিযোগিতায় কুমিল্লা, চাদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। গতকাল দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর ২টায় প্রতিযোগিতায় প্রথম ইয়েস কার্ড লাভ করেন কনিষ্ঠ প্রতিযোগী হাবিবুন্নেসা ঝিলিক। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়। সে রওশন-জলিল গার্লস হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। টিভিতে গান শুনে গান শিখেছে ঝিলিক। গতকাল ‘মা তুমি আমার আগে যেও না’- এ মারফতি গানটি গেয়ে ঝিলিক দিনের প্রথম ইয়েস কার্ড লাভ করেন। এবারের প্রতিযোগিতায় স্বর্ণ কারিগর সঞ্জয় দিনের তৃতীয় ইয়েস কার্ড লাভ করেছেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নগরকান্দা গ্রামে। স্বর্ণ শিল্পালয়ের স্বর্ণ কারিগর সঞ্জয়ের সঙ্গীতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। মা বালা সূত্রধরের কাছেই সঙ্গীতে হাতেখড়ি। সঞ্জয় জানান, তিনি এলাকায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গান গেয়েছেন। গতকাল সঞ্জয় গেয়েছেন ‘পাইলে কি তারে বুকের ভিতর বেধে রাখতাম’ গানটি।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আবিদ, পুতুল
Post Your Comments