কুমার বিশ্বজিৎ এখন

সাম্প্রতিক সময়ে তুমুল ব্যস্ত সময় কাটাচ্ছেন কুমার বিশ্বজিৎ। গান গাওয়া, সঙ্গীত পরিচালনা, মডেলিং, সবকিছু মিলিয়ে দীর্ঘদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন তিনি। কণ্ঠশিল্পীর পাশাপাশি তার নামের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরো দুটি বিশেষণ। একটি সঙ্গীত পরিচালক, অন্যটি মডেল। চলতি বছরের শুরুর দিকে পি এ কাজল পরিচালিত মায়ের ওয়াদা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার মাধ্যমে একজন সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। অনেক আগে তিনি যৌথভাবে শক্তি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করলেও এটাই তার পূর্ণাঙ্গ সঙ্গীত পরিচালনায় প্রথম চলচ্চিত্র। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, শক্তি চলচ্চিত্রে যৌথভাবে সঙ্গীত পরিচালনা করেছি, তবে সেখানে আমার ভূমিকা ছিল খুবই কম। এবারই আমি সম্পূর্ণরূপে একটি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করলাম। তবে শক্তি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেটাকে এখানে কাজে লাগাতে পেরেছি। তবে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় নিয়মিত হওয়ার ইচ্ছা আমার নেই। নিতান্ত শখের বশেই কাজটি করা। এরপরও যদি কোনো ভালো চলচ্চিত্রে কাজ করার অফার পাই, তখন হয়তো করতেও পারি।

সঙ্গীত পরিচালনার রেশ কাটতে না কাটতেই মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান ওয়ারিদ টেলিকমের নতুন বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে আবার আলোচনায় উঠে এসেছেন কুমার বিশ্বজিৎ। শুধু টিভি বিজ্ঞাপনই নয়, এ প্রতিষ্ঠানের প্রচার-প্রসারে হোল্ডিং, পত্রিকা ও লিফলেটেও মডেল হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, মডেলিং বা অভিনয় করা আমার কাজ নয়। আমি শিল্পী, শিল্পী হয়েই থাকতে চাই। ওয়ারিদ টেলিকমের মডেল হওয়ার প্রস্তাবটি গ্রহণ করার কারণ হচ্ছে আমি এ প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্বে রয়েছি। তাছাড়া প্রায় দুই যুগ আগে আমি একটি পণ্যের বিজ্ঞাপনের মডেল হয়েছিলাম। তখন অনেকের প্রশংসা পেয়েছি। এখনকার বিজ্ঞাপনের কেমন প্রশংসা পাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে কুমার বিশ্বজিৎ বলেন, সবাই তো আর প্রশংসা করছে না। কেউ কেউ এর নেতিবাচক দিকগুলো নিয়েও কথা বলছেন। অবশ্য প্রশংসাই পাচ্ছি বেশি। আর বেশির ভাগ প্রশংসাই আসছে বিজ্ঞাপনটিতে ব্যবহার করা গানটির জন্য। এ গানটি আমার সঙ্গীত পরিচালনায় মায়ের ওয়াদা ছবির। মজার বিষয় হচ্ছে, গানটা শেষ করার তিন দিনের মাথায় বিজ্ঞাপনের প্রস্তাবটি আসে। আর এ গানটি বিজ্ঞাপনের চিত্রনাট্যের সঙ্গে দারুণভাবে মিলে যাওয়ায় গানটি ব্যবহার করেছি।

‘একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো, মায়ের মমতা ছাড়া কে থাকে ভালো।’ গানটি লিখেছেন কবির বকুল। গানটি এখন অনেকেরই মুখে মুখে ফিরছে। মজার ব্যাপার হচ্ছে ছবিটি এখনো মুক্তি পায়নি।

কিন্তু এটা তো চলচ্চিত্রের গান, অডিও গানের কী অবস্থা? সর্বশেষ একক অ্যালবাম দৃষ্টিভরা বৃষ্টির পর আর তো কোনো একক অ্যালবাম মুক্তি পায়নি। শ্রোতারা কবে পাবে পরবর্তী একক অ্যালবাম? দৃষ্টিভরা বৃষ্টির পর আর কোনো একক অ্যালবাম মুক্তি না পেলেও মিতালী মুখার্জির সঙ্গে দ্বৈত অ্যালবাম স্বপ্ন উড়াই এবং তপন চৌধুরীর সঙ্গে দ্বৈত অ্যালবাম সন্ধ্যা তারা মুক্তি পেয়েছে। অ্যালবাম দুটির শ্রোতা রেসপন্স খুবই ভালো ছিল। বর্তমানে আমি আমার ২৮তম একক অ্যালবামের কাজ করছি। এ অ্যালবামটি সুর ও সঙ্গীত পরিচালনা করছেন প্রিন্স মাহমুদ। ইতিমধ্যেই ছয়টি গানের মিউজিক ট্র্যাক তৈরি হয়ে গেছে। বাকি গানগুলোর মিউজিক করা সম্পন্ন হলেই ভোকাল দেয়া শুরু করবো। সবকিছু ঠিক থাকলে আসছে রোজার ঈদে অ্যালবামটি শ্রোতারা হাতে পাবেন।

চলতি মাসের শেষ সপ্তাহ কিংবা আগামী মাসের প্রথম সপ্তাহেই ওয়ার্ল্ড ট্যুরে যাচ্ছেন কুমার বিশ্বজিৎ। বর্তমানে চলছে তারই প্রস্তুতি। প্রথমে যুক্তরাষ্ট্র তারপর কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশকিছু দেশে কনসার্ট করে দেশে ফিরবেন তিনি।

Bangla Music Tags: , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms

    bangla (1) -