আয় প্রাণের উৎসবে-সন্দীপনের গাওয়া মৌলিক গানের অ্যালবাম। এর গানের কথা লিখেছেন ও সুর করেছেন স্বপ্নীল এবং সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। ঈদ উপলক্ষে অ্যালবামটি এনেছে অগ্নিবীণা। অ্যালবামের প্রসঙ্গ ধরেই কথা হলো সন্দীপন-এর সঙ্গে।
‘আয় প্রাণের উৎসবে’ অ্যালবামটি নিয়ে কিছু বলুন।
এটি আমার চতুর্থ একক অ্যালবাম। প্রথমটি বেরিয়েছিল ২০০৪ সালে, সোনাবন্ধু; সোনার মেডেল ২০০৬ সালে এবং ২০০৭ সালে এসেছিল তৃতীয়টি-শচীন দেব বর্মণ ও রাহুল দেব বর্মণের গান নিয়ে এ ট্রিবিউট টু এস ডি বর্মণ অ্যান্ড আর ডি বর্মণ। নতুন অ্যালবামটির কাজ করেছি বছরখানেক ধরে। স্বপ্নীল আমার পুরোনো বন্ধু, বাপ্পার সঙ্গে আলোচনা করে তাঁকে দিয়েই আমার নতুন অ্যালবামের গান লিখিয়েছি ও সুর করিয়েছি। আর সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। সত্তরের দশকের গানে যে মজাটা ছিল, আয় প্রাণের উৎসবে অ্যালবামে তেমন কিছু গান করার চেষ্টা করেছি। গানগুলো শতভাগ মেলোডিয়াস।
আপনার প্রথম দুটি অ্যালবামই ছিল জনপ্রিয় লোকগান নিয়ে। শুরুতেই কেন মৌলিক গান করলেন না?
এটা সত্যি, মৌলিক গানই একজন শিল্পীর নিজস্বতা তৈরি করে। কিন্তু শুরুতে আমার সঙ্গে তেমন কোনো গীতিকার কিংবা সুরকারের যোগাযোগ ছিল না। বাপ্পার সঙ্গে পরিচয় হওয়ার পর তাঁর পরামর্শে ফোক গান করেছি। শুরুতে ইচ্ছা ছিল শচীন দেব বর্মণ ও রাহুল দেব বর্মণের গান নিয়ে কিছু করব। কিন্তু ব্যবসায়িক কারণে তা আর হয়নি। তবে তা সম্ভব হয়েছে গত বছর।
আপনার ফোক অ্যালবামে কিছু চমৎকার গান গেয়েছেন। মূল গানগুলো কিন্তু কোনো আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়াই জনপ্রিয়। কিন্তু আপনি গানের সঙ্গে ‘ভোকর্ড’ ব্যবহার করলেন কেন?
ফোক গানের একটা আলাদা মজা আছে। আর আধুনিক প্রযুক্তির দিকে তো সবারই একটু আকর্ষণ থাকে; বিশেষ করে নতুন প্রজ্নের ছেলেমেয়েদের। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মতে, ভোকর্ড ব্যবহৃত গানের নাকি বাণিজ্যিক মূল্য আছে। তবে আমি মনে করি, কিছু শিল্পী গায়কির দুর্বলতা কাটানোর জন্য ভোকর্ড ব্যবহার করেন। আর আমি ফোক গানের সঙ্গে এর ব্যবহার করেছিলাম সেই পুরোনো আবহ তৈরি করার জন্য। তবে সব গানে নয়, অল্প কয়েকটিতে।
আপনি তো নাটকেও কাজ করেন।
হ্যাঁ, মঞ্চে আমি নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে যুক্ত আছি। এরই মধ্যে এই দলের হয়ে দেওয়ান গাজীর কিসসা, রক্তকরবী, কোপেনিকের ক্যাপ্টেন ও কালসন্ধ্যা নাটকের সংগীতের কাজ করছি, অভিনয়ও করছি।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১০, ২০০৮
Tags: বাপ্পা মজুমদার, শচীন দেব বর্মণ, সন্দীপন, স্বপ্নীল
Related News:
Leave a Reply