আশি দশকের মাঝামাঝি তীক্ষ্ন কণ্ঠস্বর এবং প্রচণ্ড আওয়াজে গিটার বাজানো আর দ্রুতলয়ের ড্রামবাদন-সবকিছু মিলিয়ে নতুন এক গানের সঙ্গে পরিচিত হয় এ দেশের শ্রোতারা। তা হলো মেটাল সংগীত। এ ধরনের গান কিছু শ্রোতার কাছে এখন দারুণ প্রিয়। আর এ দেশে এ সংগীতকে জনপ্রিয় করার জন্য যে কটি হাতে গোনা ব্যান্ড কাজ করেছে, ওয়ারফেজ তাদের মধ্যে অন্যতম।
১৯৮৩ সালের জুন মাসে শুরু হওয়া ওয়ারফেজের বয়স এখন ২৫। এই দীর্ঘ সময়ে এসেছে তাদের ওয়ারফেজ, অবাক ভালোবাসা, অসামাজিক, জীবনধারা, আলো ও মহারাজ অ্যালবাম। দুটি মিশ্র অ্যালবামেও ছিল তাদের গান।
ওয়ারফেজকে জনপ্রিয় করার পেছনে বিশেষ অবদান রেখেছিলেন প্রথমদিককার পাঁচ সদস্য সঞ্চয়, রাসেল, কমল, বাবনা ও টিপু। প্রথম অ্যালবাম ওয়ারফেজ-এর পর থেকেই এই সদস্যরা ব্যান্ডের কার্যক্রমে অনিয়মিত হয়ে পড়েন। তবে দ্বিতীয় অ্যালবাম অবাক ভালোবাসা পর্যন্ত তাঁরা একসঙ্গেই ছিলেন।
পড়াশোনা আর চাকরির কারণে ওয়ারফেজে এখন কমল আর টিপু ছাড়া আগের কেউ নেই। তবে এবার পুরোনো সেই ওয়ারফেজকে আবার একসঙ্গে মঞ্চে দেখা যাবে। জানা গেছে, ওয়ারফেজের ২৫ বছর পূর্তি উপলক্ষেই সবাই আবার এক মঞ্চে দাঁড়াবেন। এ জন্যই নাকি বাবনা ও রাসেল বিদেশ থেকে এসেছেন। দেশে থাকা সঞ্চয়ও যোগ দিয়েছেন তাঁদের সঙ্গে। পুরোনো সদস্যরা আবার একসঙ্গে অনুশীলন করছেন।
আবার একসঙ্গে অনুশীলন করতে কেমন লাগছে? ওয়ারফেজের দলনেতা টিপু বললেন, ‘অসাধারণ। আমরা এই পাঁচজন শেষ একসঙ্গে মঞ্চে উঠেছিলাম ১৯৯২ সালে। সে হিসাবে ১৬ বছর পর আবার একসঙ্গে। এই অনুভূতি কি আর বলে প্রকাশ করা যায়?’
টিপু আরও জানান, ওয়ারফেজের রজতজয়ন্তী উপলক্ষে ১৫ অক্টোবর হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে এক কনসার্টের আয়োজন করা হয়েছে। তিন ঘণ্টার এই কনসার্ট শুরু হবে সন্ধ্যা ছয়টায়। ওয়ারফেজের পুরোনো সদস্যদের মধ্যে উপস্থিত থাকবেন বালাম ও অর্থহীনের সুমন। আর কনসার্টটি থাকবে বাছাই করা দর্শকদের জন্য।
টিকিট সেভাবে বাইরে বিক্রি করা হবে না। তবে ভক্তরা চাইলে ১৫ অক্টোবরের মধ্যে দুটি হট লাইনে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করতে পারবেন। হটলাইন দুটি হচ্ছে-০১৯১৪৯১৫২৯৯ ও ০১৭৩৩৯৭৩৩৬৩।
এ ছাড়া ওয়ারফেজের জনপ্রিয় গানগুলো নিয়ে ‘বেস্ট অব ওয়ারফেজ’ নামে একটি অ্যালবাম বাজারে আসছে আগামী মাসের প্রথম সপ্তাহে। ভারত ও বাংলাদেশ থেকে এটি একই দিন বাজারে আসবে।
সূত্রঃ প্রথম আলো, অক্টোবর ১৪, ২০০৮
Tags: অর্থহীন, ওয়ারফেজ, কমল, টিপু, বাবনা, বালাম, রাসেল, সঞ্চয়, সুমন
Related News:
Leave a Reply