এবার অন্যদের সুরে এস আই টুটুলের একক শূন্য মহাশূন্য

SI Tutulগায়ক হিসেবে এস আই টুটুল যতোটা পরিচিত, একজন সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে তার পরিচিতি আরেকটু বিস্তৃত। নাটক, মুভি ছাড়াও বিভিন্ন সলো শিল্পীর জন্য এ পর্যন্ত অসংখ্য গানের সুর করেছেন তিনি। নিজের জন্য যতোটা না গান করতে হচ্ছে তাকে, তারচেয়েও বেশি গান করতে হচ্ছে অন্যদের জন্য। অথচ সেই টুটুলই এবার নিজের একক অ্যালবাম করলেন অন্যদের সুরে। অবিশ্বাস্য হলেও সত্যি, এস আই টুটুলের চতুর্থ একক অ্যালবামে তার নিজের সুর করা কোনো গান থাকছে না। পার্থ মজুমদার, টিপু, রাজীব ছাড়াও এবার কয়েকজন নতুন সুরকারের সুরে গান করছেন তিনি। তারা হলেন তরুণ, খন্দকার জিয়া, সাজ্জাদ ও ডলার। এ প্রসঙ্গে এস আই টুটুল বলেন, নতুনদের কাজে নতুনত্ব আছে। সবাই না হলেও নতুনদের অনেকেই প্রতিভাবান। আমরা যদি তাদের সুযোগ করে না দিই তাহলে তারা কাজ করবে কিভাবে? আমাদের যেমন কাজ করার স্বাধীনতা রয়েছে, নতুনদের সেটা নেই। আমি চাই নতুনরাও কিছুটা স্বাধীনতা পাক, কিছু ভালো কাজ করুক। তাতে তাদের যেমন লাভ, তেমনি আমাদেরও লাভ। প্রতিভা বিকাশে তারা একটা সুযোগ পেল, পাশাপাশি আমি একটি ভালো সুর পেলাম।

এবারের অ্যালবামে মাসুম রেজা, জাহিদ আকবর এবং টি আই অন্তর ছাড়াও আরো কিছু নতুন গীতিকারের গান করেছেন টুটুল। তাদের সম্পর্কে বলতে গিয়ে টুটুল বলেন, ভিকারুননেসার ক্লাস নাইনের ছাত্রী মারুফার লেখা একটি গান করেছি। কোনো একটা মাধ্যমে গানটি আমার হাতে এলে, গানটি শুনে আমার ভালো লাগে। মেয়েটি যথেষ্ট ভালো লেখে, আমি তার কাছে আরো কিছু গান চেয়েছি। খন্দকার জিয়ার দুটি গান করেছি। দুটি গানই সুন্দর।

যাসনে, নিরবধি, শূন্য মহাশূন্য, অকারণ, রাতে নাইরে ঘুম, মন, ইচ্ছে ঘুড়ি, দিন থাকতেই, ভালোবাসা মানে এবং নিশিথে শিরোনামের ১০টি গান দিয়ে সাজানো হয়েছে টুটুলের এ নতুন একক। তার মধ্যে নিশিথে গানটি নিশিন্দা নারী মুভির জন্য করা। মুভিটি মুক্তির আগেই মুভির গান নিজের সলো অ্যালবামে দেয়া প্রসঙ্গে এস আই টুটুল বলেন, গানটি করার পর আমার খুব ভালো লেগে যায়। তাই গানটি অ্যালবামে রেখেছি। এ ক্ষেত্রে মুভির প্রযোজক এবং পরিচালকের দিক থেকে কোনো বাধা নেই। বরং তারা খুশিই হয়েছেন। গত ঈদে মুক্তি পাওয়া প্রশ্ন অ্যালবামের সঙ্গে শূন্য মহাশূন্যের কতোটা মিল বা অমিল রয়েছে জানতে চাইলে টুটুল বলেন, প্রশ্ন ছিল পুরোপুরি মেলোডি নির্ভর অ্যালবাম। শূন্য মহাশূন্যও প্রায় একই রকম। সব গানই মেলোডি বেইজড তবে দুই-তিনটি গানে কিছুটা ফোকের আমেজ পাওয়া যাবে। আমি সাধারণত যে ধরনের গান করি, এ অ্যালবামেও সে ধরনের গানই করেছি। নিজের গানের এ ধরনটা থেকে কেন বেরিয়ে আসছেন না, রক, মেটাল বা হেভি মেটাল শ্রোতাদের জন্য কোনো গান করছেন না কেন? এমন প্রশ্নের জবাবে টুটুল বলেন, প্রত্যেকেরই একটা নিজস্ব স্টাইল থাকে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে উপস্থাপন করে। আমারও একটা স্টাইল আছে। সেটা বজায় রাখার জন্যই আপাতত ও রকম কোনো গান করছি না। তবে আমার ব্যান্ড ফেইস টু ফেইসের অ্যালবামে ভিন্ন আয়োজনের কিছু গান করেছি, আগামী অ্যালবামেও করবো।

গত ঈদে মুক্তি পেয়েছে টুটুলের প্রশ্ন আর এ ঈদেই মুক্তি পাচ্ছে শূন্য মহাশূন্য। মাত্র তিন মাসের ব্যবধানে নতুন অ্যালবাম করা প্রসঙ্গে টুটুল বলেন, এটা আমার কম্পানির ডিমান্ড। সঙ্গীতা আমার অ্যালবাম দিয়ে গত ঈদে ব্যবসায়িক সফলতা পেয়েছে। যার ফলে এ ঈদটাকে তারা মিস করতে চাইছে না। কারণ আমাদের অডিও বাজার পুরোপুরি উৎসব নির্ভর। বিশেষ করে ঈদ উৎসবকে ঘিরে প্রতি বছরই অডিও বাজার বেশ জমে যায়। অন্য সময় শ্রোতাদেরও তেমন বেশি আগ্রহ থাকে না। আমার পরবর্তী একক অ্যালবামের জন্য আমি কিন্তু অনেক সময় নিচ্ছি। আগামী রোজার ঈদের আগে নতুন অ্যালবাম করবো না। তবে এর মধ্যে বিভিন্ন দ্বৈত এবং মিশ্র অ্যালবামে গান করবো। বাপ্পা এবং টিপুর সঙ্গে আমার একটি মিশ্র অ্যালবাম মুক্তি পাচ্ছে এ ঈদে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Music Tags: , , ,

Related posts

Post Your Comments

*
To prove you're a person (not a spam script), type the security text shown in the picture. Click here to regenerate some new text.
Click to hear an audio file of the anti-spam word

Bangla Music : Incoming search terms