এখনকার গান স্থায়ী হচ্ছে না : মোহাম্মদ শাহনেওয়াজ

Mohammad Shahnewaz - Bangla Music
জনপ্রিয় কণ্ঠশিল্পী নিয়াজ মাহমুদ চৌধুরীর গাওয়া- জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি, দিলরুবার কণ্ঠে- রেললাইন বহে সমান্তরাল, শাহনাজ রহমতুল্লাহ গেয়েছেন- বন্ধুরে তোর মন পাইলাম না, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে- আজ থেকে আমি বউ, রুনা লায়লা গেয়েছেন- আজি এই শুভ দিনে, কালজয়ী এ গানগুলো গানপ্রিয় মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। এমন অসংখ্য গানের সুরকার মোহাম্মদ শাহনেওয়াজ। সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছে তার খ্যাতি। সম্প্রতি তিনি এসেছিলেন যায়যায়দিন কার্যালয়ে। তার সঙ্গে কথা বলেছেন বাবুল হৃদয়। ছবি তুলেছেন মঞ্জুরুল করিম

আপনার জন্ম ও শৈশব সম্পর্কে বলবেন?
আমার জন্ম ১৯৫০ সালে, সংস্কৃতির তীর্থস্থান ব্রাহ্মণবাড়িয়ায়। ওস্তাদ আলাউদ্দিন আলী খাঁ, আয়েত আলী খাঁ, সৈয়দ আবদুল হাদী, সুবল দাসসহ অসংখ্য গুণীর জন্ম এ ব্রাহ্মণবাড়িয়ায়। আমার শৈশব-কৈশোর এখানেই কেটেছে।

সংস্কৃতির অঙ্গনে এলেন কীভাবে?
ছোটবেলা থেকে সংস্কৃতিমনা ছিলাম। নানা, মামারা সবাই সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে জড়িত ছিলেন। এছাড়া আমাদের এলাকায় ছিল সাংস্কৃতিক ব্যক্তিত্বের সব সময় আনাগোনা। পরিবেশের কারণে অনেকটা ঝুঁকেছি এ অঙ্গনে। ছোটবেলায় আমার ওস্তাদ সুবল দাসের সান্নিধ্যে নাটকে প্রথম অভিনয় করেছি। তার কোনো ভাই ছিল না। আমাকে ছোট ভাইয়ের মতো দেখতেন। ছোটবেলা থেকে ভালো তবলা বাজাতাম। এভাবে চলতে চলতে সংস্কৃতির জগতে জড়িয়ে গেলাম।

তবলা শিখেছিলেন কার কাছে?
মিলন সেনের কাছে তবলা শিখেছি। আলাউদ্দিন আলী সঙ্গীত অঞ্চলে তবলা শিখতে গিয়ে ওখানে আয়েত আলী খাঁর কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখতে হয়েছে। তবলা বাজাতে বাজাতে এক সময় তবলার দিকে ঝোঁক চলে আসে। আবদুল জব্বার, বশির আহমেদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, ফেরদৌসী রহমানসহ অসংখ্য গুণী শিল্পীর সঙ্গে তবলা বাজিয়েছি। প্রখ্যাত কণ্ঠশিল্পী আবদুল আলীমের পার্সোনাল তবলাবাদক হিসেবে তার সঙ্গে ১০ বছর ছিলাম। সঙ্গীত কলেজের তবলার টিচার ছিলাম কিছুদিন। ফিল্মের অসংখ্য গানের সঙ্গে তবলা বাজিয়েছি। একটি বিশেষ কারণে এক সময় তবলা থেকে সরে যাই।

সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন কখন?
সুরকার হিসেবে আত্মপ্রকাশের সঠিক সময় বলা মুশকিল। তবে ঝংকার নামে বিটিভির একটি অনুষ্ঠানে আবিদা সুলতানা ও রেজাউল করিমের দুটি গানের প্রথম সুর করেছি বলে মনে হয়।

বিটিভিতে সুরকার হিসেবে নিয়মিত হলেন কবে?
১৯৭২ সালে বিটিভিতে কাজ শুরু করি। নিয়মিত হই ১৯৭৭ সালে।

এখানে যেসব অনুষ্ঠানে গানের সুর করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর নাম মনে আছে?
বাচ্চাদের একটি অনুষ্ঠান ছিল- ছড়ায় ছড়ায় লেখা, সুর সাগর, সুর বিতান, মধুছন্দা, ২৬ মার্চ, ২১ ফেব্রুয়ারি, আনন্দমেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের গানে সুর করেছি।

ছবির সঙ্গীত পরিচালনা করেছেন?
সুখের মিলন ছবিসহ পাঁচ-ছয়টি ছবির সঙ্গীত পরিচালনা করেছি।

কোন পরিচয়টা ভালো লাগে?
একজন সুরকার হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।

এ পর্যন্ত আপনার সুরারোপিত গানের সংখ্যা কতো?
অসংখ্য গানে সুর করেছি, গুনে বলা খুব মুশকিল।

আপনার সুর করা উল্লেখযোগ্য গানের কথা বলবেন?
জীবনানন্দ হয়ে, নিয়াজ মাহমুদ চৌধুরী গেয়েছেন। শাহনাজ রহমতুল্লাহ গেয়েছেন- বন্ধুরে তোর মন পাইলাম না, দিলরুবার- রেললাইন বহে সমান্তরাল, সাবিনা গেয়েছেন- আজ থেকে আমি বউ, রুনা লায়লা- আজি এই শুভ দিনে, শাহনাজের- মাটির জায়নামাজ, আশা ছিল মনে মনে, এক ফোঁটা বিষসহ অনেক জনপ্রিয় গান।

সঙ্গীতের অবস্থা সম্পর্কে আপনার বক্তব্য কি?
এখনকার ছেলেমেয়েদের কাছে ড্রাম, গিটার, কিবোর্ড এসে হারিয়ে যাচ্ছে আমাদের একোস্টিক যন্ত্র। এখনকার গান ইয়াং একটা শ্রেণী হয়তো শুনছে। এখনকার গান স্থায়ী হচ্ছে না। মিডিয়াই এদের শিল্পী বানাচ্ছে। মিডিয়া ব্যাকআপের কারণে এরা হাঁটছে। এখনো শ্রোতারা আকাশের হাতে আছে, সর্বনাশা পদ্মা নদী, এ কি সোনার আলোয়, তুমি কি দেখেছো কভু-র মতো গান বেশি শুনছে। নতুনরা যেন আমাদের ঐতিহ্যের শেকড় ভুলে না যায়।

ক্লোজআপ ওয়ানে বিচারকাজ করেছেন। এবার তারা কোন ধরনের গান বেশি করেছেন?
পুরনো দিনের বিখ্যাত গানগুলোই ছিল বেশির ভাগ শিল্পীর মুখে।

রিয়েলিটি শো থেকে উঠে আসা শিল্পীদের প্রতি আপনার মূল্যায়ন কেমন?
এ ধরনের শো থেকে অনেক শিল্পী বের হয়ে আসছেন- এটা অনেক ভালো একটা বিষয়। তবে তাদের দীর্ঘদিন টিকে থাকার জন্য নিয়মিত চর্চা করা উচিত।

আপনার প্রিয় শিল্প ও গীতিকারদের কথা বলবেন?
আমার প্রিয় শিল্পী সবাই, তবে শাহনাজ রহমতুল্লাহকে একটু বেশি পছন্দ করি। অনেক গীতিকারই আমার প্রিয় যেমন- খন্দকার নূরুল আলম, নজরুল ইসলাম বাবু, শহীদুল হক খান (বর্তমানে যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক), সলিল চৌধুরী, ড. নচিকেতা ঘোষ।

আগামীর ভাবনা কী?
শাহাবুদ্দিন আহমেদের একটি একক ও একটি মিক্সড অ্যালবামের কাজ করছি। এগুলো খুব শিগগির বাজারে আসবে। নিজের স্যাটিসফ্যাকশনের জন্য কয়েকজন ছেলেমেয়েকে গান শেখাচ্ছি।

ব্যক্তিজীবন সম্পর্কে বলবেন?
আমার এক মেয়ে ময়না ও দুই ছেলে স্বাধীন ও স্বদেশ। স্ত্রী অনামিকা নেওয়াজকে নিয়ে সিদ্ধেশ্বরীতে থাকি।

Bangla Music Tags: , , , , , , , , , , , , , , , , ,

Related posts

Post Your Comments

Bangla Music : Incoming search terms