আলোচনা-সমালোচনা
পহেলা বৈশাখে তমালের সুর ও সঙ্গীত পরিচালনায় অগ্নিবীণা বাজারে এনেছে ১১ শিল্পীর মিক্সড। অ্যালবাম রঙবেরঙের মানুষ। শিল্পীরা হলেন শম্পা রেজা, সঞ্জীব চৌধুরী, ফাহ্মিদা নবী, সামিনা চৌধুরী, পার্থ বড়ুয়া, তমাল, কানিজ সুবর্ণা, রুমন, মিমি ও শাহরুখ।
অ্যালবামের শুরুতেই রয়েছে টাইটেল সং রঙবেরঙের মানুষ। রঙবেরঙের মানুষ আমার/মনের মধ্যিখানে/যারে খুঁজি সে তো থাকে/অন্য কারো ধ্যানে/আমি কেমন করে বাঁধি তারে/হৃদয়বীণার তারে… কিছুটা ফোক ধারার কথা হলেও গানটির কম্পোজিশন পপ ধারার। ট্যাংগো স্টাইলের ড্রামিং, শ্রুতিমধুর পিয়ানো প্লেয়িং আর সেই সঙ্গে আকর্ষণীয় অর্কেস্ট্রেশন মিলিয়ে ভিন্ন ধারার গান এটি। তমালের গাওয়া গানটি ইতিমধ্যেই শ্রোতাপ্রিয়তা অর্জন করেছে। গানটির একটি ছোট্ট ইতিহাস রয়েছে। এ গানটি করা হয়েছিল প্রয়াত সঞ্জীব চৌধুরীর জন্য এবং এ গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন প্রয়াত সাউন্ড ইঞ্জিনিয়ার ইমরান আহমেদ মবিন।
ইন্ডিয়ান ক্লাসিক্যালের সঙ্গে ফাংক রকের মিশ্রণে ফিউশনধর্মী গান ভেজা এ রাতে। গেয়েছেন কানিজ সুবর্ণা। ফার্স্ট ইন্টারল্যুডে সেতারের ফিউশন এবং সেকেন্ড ইন্টারল্যুডে ওয়াওয়া স্টাইলের গিটার প্লেয়িং গানটির কম্পোজিশনের সঙ্গে চমৎকার মানিয়েছে।
অ্যালবামের তৃতীয় গান ভালোবাসা মরে যায় মুগ্ধতা মরে না। ওয়েটি লিরিক, টাচি সুর আর পাওয়ারফুল কম্পোজিশনের এ গানটি গেয়েছেন পার্থ বড়ুয়া। অ্যাকোয়াস্টিক গিটার প্লেয়িং ভালো লাগবে শ্রোতাদের, ভালো লাগবে বাঁশির কাজ। যে কোনো গান সাধারণত একইতালে করা হলেও গানটির বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে, গানটির ড্রামিং করা হয়েছে দুই ধরনের তালে। কোথাও দাদরা, কোথাও কাহারবা।
পরিচ্ছন্ন কথা আর মিষ্টি সুরের আধুনিক গান মনের মানুষ আছে যে এক। গানটি গেয়েছেন সামিনা চৌধুরী। সামিনা চৌধুরী সচরাচর যে ধরনের গান করেন, ঠিক সে ধরনেরই গান এটি। সব শ্রেণীর শ্রোতার ভালো না লাগলেও সামিনা চৌধুরীর ভক্তদের ভালো লাগবে গানটি।
সুন্দর কথা, ঠা-া মেজাজের সুর আর সিম্পল কম্পোজিশনের গান জিয়নকাঠি। গেয়েছেন মিমি। কথা আর সুরকে কণ্ঠের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী এবং প্রায় পুরোটাই সফল হয়েছেন তিনি। গানটি শ্রুতিমধুর গানের শ্রোতাদের ভালো লাগবে।
বাংলা বিটের মৌলিক ফোক গান পরান পাখি। গেয়েছেন শাহরুখ। গায়কীতে বেশ চটুলতা রয়েছে, ফোক গানে যা অপরিহার্য।
অ্যালবামের সপ্তম গান ঝাপসা চোখে। দাদরা তালের এ গানটি গেয়েছেন ফাহ্মিদা নবী। কথা ও সুরের সঙ্গে গায়কাী স্টাইল আর কণ্ঠের ব্ল্যান্ডিং হয়েছে দারুণভাবে। বেইজ গিটার প্লেয়িং মুগ্ধ করবে মিউজিশিয়ানদের।
পপ রক প্যাটার্নের গান ভালো আছি বলে যারা। গানটি গেয়েছেন পার্থিব ব্যান্ডের ভোকালিস্ট রুমন। শম্পা রেজা গেয়েছেন অষ্টম গান আকাশের নীল ঠিকানায়। কম্পোজিশনে গিটার প্লাকিং আর অর্কেস্ট্রেশন আলাদাভাবে মনোযোগ দাবি করে। হিপহপ প্যাটার্নের ফানি সং সুমাইয়া। গেয়েছেন তমাল। সঞ্জীব চৌধুরীর গাওয়া অ্যালবামের ১১তম গান দুঃখ ব্যথায় মুখটা যে নীল। গানটি তমালের সুর ও সঙ্গীত পরিচালনায় আগে প্রকাশিত সাতরঙা সাতজন অ্যালবাম থেকে নেয়া। সবশেষে শ্রোতাদের জন্য বোনাস হিসেবে রয়েছে একটি ইনস্ট্রুমেন্টাল। যার নাম রাখা হয়েছে বেদনা।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: কানিজ সুবর্ণা, পরান, পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী, সঞ্জীব চৌধুরী, সামিনা চৌধুরীRelated posts
Bangla Music : Incoming search terms

Post Your Comments