আমি সব সময় নতুনদের নিয়ে কাজ করতে ভালোবাসি : বাপ্পী লাহিড়ী
কলকাতার বাংলা গানে একটি জনপ্রিয় নাম বাপ্পী লাহিড়ী। তিনি একাধারে গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। শুধু যে তিনি ইনডিয়ায় জনপ্রিয় তা কিন্তু নন। তার গানের সুরে মুগ্ধ এপার বাংলার শ্রোতারাও। তার রয়েছে অসংখ্য জনপ্রিয় গান। সম্প্রতি এ জনপ্রিয় শিল্পী বাংলাদেশে এসেছিলেন ইভা রহমানের একটি অ্যালবামের মোড়ক উন্মোচনের কাজে। পাশাপাশি তিনি ঢাকায় এবং চট্টগ্রামে দুটি ঘরোয়া কনসার্টেও পারফর্ম করেন। বাপ্পী লাহিড়ীর ঢাকায় অবস্থানকালে তার সঙ্গে কথা বলে লিখেছেন মনজুর জিয়া ও ছবি তুলেছেন শরীফ সারওয়ার।
বাংলাদেশে এলেন ইভা রহমানের অ্যালবামের মোড়ক উন্মোচন করতে। এখানে এসে কেমন লাগছে?
অপূর্ব। আমি সব সময় বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। কারণ আমার বাবা-মা দুজনেই হচ্ছেন বাংলাদেশের। আমার বাবা পাবনার এবং মা হচ্ছেন সিরাজগঞ্জের। আসলে আমার পরিবারের মূলটাই হচ্ছে বাংলাদেশের। আর আমি সব সময় বাঙালিদের চাই সামনের দিকে নিয়ে আসতে। ইভা রহমানও এ অ্যালবামে খুবই ভালো গেয়েছেন। প্রতিটি গান হিন্দি কথা কিন্তু সুর ও অন্যান্য আনুষঙ্গিক সব কিছু অসাধারণ হয়েছে। অ্যালবামটি এখন বাজারে রয়েছে, আশা করি সবাই শুনবেন।
কখন আপনি ইভা রহমানের এ অ্যালবাম করার চিন্তা-ভাবনা করলেন?
কিছুদিন আগে ইভার একটি উর্দু অ্যালবাম বাজারে এসেছিল। একেলে না যানা নামের ওই অ্যালবামটি আমি শুনি এবং ভালোও লেগেছিল। তারপর আমি রেহমান দাদাকে (মাহফুজুর রহমান) বলি ইভার জন্য একটি অ্যালবাম করার কথা। অ্যালবামটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট অসাধারণ হয়েছে। অ্যাকচুয়েলি বহুত জমদার একটি অ্যালবাম এটি।
অ্যালবামের মোড়ক উন্মোচন করতে এসে ঢাকায় এবং চিটাগংয়ে দুটি ঘরোয়া কনসার্টেও পারফর্ম করলেন। কেমন এনজয় করলেন?
আমি অসম্ভব এনজয় করেছি। ভীষণ ভালো লেগেছে কনসার্ট দুটিতে পারফর্ম করতে। এখানকার শ্রোতারা আমাকে ভীষন ভালোবাসে। তারা সবাই আমার প্রতিটি গানে মজা করেছে।
বর্তমানে সবখানে তারকা খোজার হিড়িক চলছে। বাংলাদেশ এবং পুরো ইনডিয়াতে এর বেশ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন?
আমি মনে করি এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আমি নিজেও এ রকম কয়েকটি প্রোগ্রামের বিচারক ছিলাম। আমার মনে হয়, এসব প্রোগ্রামের দ্বারা নতুন অনেকে তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে। এটা তাদের জন্য বিশাল একটা প্লাটফর্মও বটে। এ জাতীয় প্রোগ্রামের মাধ্যমে আমরা বেশ কিছু নতুন প্রতিভাবান শিল্পী পেয়েছি। এরা অনেক ভালোও করছে। তাই আমি বলবো- এটা অবশ্যই পজিটিভ একটা দিক।
অনেকে অভিযোগ করে থাকে, বাংলা গান এখন আগের মতো হচ্ছে না আর হলেও সেটার স্থায়িত্ব অনেক কম, এটা কেন?
বাংলাদেশের গান তো আমি খুব একটা শুনি না, এ জন্য এখানকার গানের কি অবস্থা সেটা আমি খুব একটা বলতে পারবো না। তবে আমি যাদের গান শুনি তাদের গান খুবই ভালো লাগে। আমি রক, ব্যান্ড এগুলো শুনি। আমি সব সময় নিউ স্টাইল অফ মিউজিক খুব পছন্দ করি। বাংলাদেশে আমার পছন্দের শিল্পীদের মধ্যে রয়েছে জেমস, আইয়ুব বাচ্চু ও কুমার বিশ্বজিৎ। আমাদের পশ্চিমবঙ্গের গানগুলো যেন কেমন হারিয়ে যাচ্ছে। তবে এ বছরের শিবাজী, সপ্তসুর, শেষ সংঘাত, অপরাধীর মতো বড় মুভিগুলোর মাধ্যমে বাংলা গান হয়তো আবারো ভালো একটা অবস্থানে যেতে পারবে। আশা করছি, পশ্চিমবঙ্গের বাংলা গানের হারানো ঐতিহ্যটা ফিরে পেতে খুব বেশি সময় লাগবে না।
মিউজিক ইন্ডাস্ট্রিগুলোতে এখন নতুনদের পদচারণা অনেক বেশি। তরুণরা কেমন করছে বলে আপনার মনে হয়?
খুবই ভালো করছে। আমার ছেলে বাপ্পা লাহিড়ীর দিকে তাকালেও দেখা যায়, সে এখন মিউজিক নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছে। ইভার এ অ্যালবামেও কাজ করেছে বাপ্পা। এটা কিন্তু আমার ছেলে বিধায় বলছি না। মৃন্ময় চক্রবর্তী ও জিমি নামের আরো দুজন তরুণ এখন কাজ করছে। তারাও বেশ ভালো মিউজিক করছে। তাই আমি বলবো, তরুণরা এখন অনেক ভালো কাজ করছে। এছাড়া বাঙালিদের মধ্যে সুশান নামের একটা ছেলে অনেক ভালো করছে।
মিউজিক ইন্ডাস্ট্রির নতুনদের প্রতি আপনার পরামর্শ কি?
আমি নতুনদের জন্য মন থেকে শুধু এটাই বলবো, তারা যেন গানটাকে সুরে গায়। প্র্যাকটিকাল জানার থেকে সুরের প্রতি বেশি যত্নবান হয়। গানটা তো আসলে সুরের ব্যাপার, তাই এটি যেন বেসুরো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর নতুনদের জন্য বাপ্পি লাহিড়ী সব সময় পাশে ছিল এবং থাকবে।
বাংলাদেশে আরো অ্যালবামে কাজ করার চিন্তা-ভাবনা আছে কি?
ইভার অ্যালবাম দিয়ে মাত্র শুরু করলাম। আশা রাখছি আমরা এক সঙ্গে আরো বেশ কয়েকটি অ্যালবামে কাজ করবো।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আইয়ুব বাচ্চু, কুমার বিশ্বজিৎ, জেমস, বাপ্পী লাহিড়ী
Post Your Comments