আব্দুল আলীমের গান নিয়ে আরিফ দেওয়ানের দুটি অ্যালবাম
মরমি কণ্ঠশিল্পী আব্দুল আলীমের গান নিয়ে শিল্পী আরিফ দেওয়ানের দুটি অ্যালবামের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল লেজার ভিশন ব্যানারে এ অ্যালবাম দুটির প্রকাশনা অনুষ্ঠিত হয় লেজার ভিশনের কার্যালয়ে।
ও পদ্মা নদীরে, হলুদিয়া পাখি, তোমারও লাগিয়াসহ আব্দুল আলীমের মোট ২৪টি গান নিয়ে ‘হলুদিয়া পাখি’ ও ‘আপন খবর’ নামের অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক আজাদ রহমান। তিনি বলেন, আরিফ দেওয়ানের গলায় আব্দুল আলীমের গানগুলো শুনে আমি আমার সেই জীবনে ফিরে গিয়েছিলাম, যেখানে আব্দুল আলীম ছিলেন।
প্রকাশনা অনুষ্ঠানে শিল্পী আরিফ দেওয়ান বলেন, আমার সঙ্গীত জীবনে যার প্রভাব গুরুত্বপূর্ণ সেই মানি লোকের গান আমি এভাবে গাবো সেটা কখনো কল্পনা করিনি। আব্দুল আলীমের গান নিজের গলায় গাইতে পেরে আমি ধন্য।
অনুষ্ঠানে লেজার ভিশনের এমডি এ কে এম আরিফুর রহমান বলেন, আব্দুল আলীমের প্রতিটি গান মাইলস্টোন। আমরা মূল ধারার গানগুলো বর্তমান প্রজন্মের কাছে পরিচিত করতে চেষ্টা করেছি। শিল্পী আরিফ দেওয়ান সম্পর্কে তিনি বলেন, আব্দুল আলীমের গান তিনি যেভাবে গেয়েছেন অন্য কেউ বোধহয় সেভাবে গাইতে পারবেন না।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেজার ভিশনের এমডি মাজহারুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: আব্দুল আলীম
Post Your Comments