আজ ভারত যাচ্ছেন রুনা লায়লা এন্টারটেইনমেন্ট রিপোর্ট
ভারতের প্রাইভেট চ্যানেল ইটিভি বাংলার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা গানে মোর ইন্দ্রধনুর চূড়ান্ত পর্বের বিচারকরের দায়িত্ব পালন করতে আজ ভারত যাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। আগামীকাল ভারতের হায়দরাবাদের রামোজি রেকর্ডিং স্টুডিওতে গানে মোর ইন্দ্রধনুর চূড়ান্ত পর্বের ধারণ কাজ শুরু হবে। এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে রুনা লায়লার সঙ্গে আরো রয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি এবং ওস্তাদ রশিদ খান। শ্যুটিং শেষে আগামী ১৭ মে দেশে ফিরবেন বলে জানালেন রুনা লায়লা। তবে এর মাঝে তিনি ভারতের আরো একটি প্রাইভেট চ্যানেল জি-বাংলার কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন। কারণ জি-বাংলার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা সারেগামাপার মূল বিচারকও তিনি। এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ভারতীয় চ্যানেলগুলো আমাকে যথেষ্ট সম্মান করে, বিভিন্ন কার্যক্রমে আমাকে স্মরণ করে। তাদের যে কোনো আমন্ত্রণে আমি তাই নির্দ্বিধায় সাড়া দিই। এদিকে এ মাসের ২৭ তারিখে শুরু হচ্ছে চ্যানেল আইয়ের সেরা কণ্ঠের ধারণ কাজ। এ প্রতিযোগিতারও মূল বিচারক রুনা লায়লা। প্রায় কাছাকাছি সময়ে তিন তিনটি প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করা প্রসঙ্গে রুনা লায়লা বলেন, বিষয়টি আমি কিছুটা পেশাদারি মনোভাব থেকেও দেখছি। এতে সময় কিংবা ক্যারিয়ার দুই দিক থেকে আমার কোনো সমস্যা হবে বলে মনে হয় না। গানে মোর ইন্দ্রধনুর কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে ২৭ তারিখের আগেই। ২৭ তারিখ থেকে অংশ নিচ্ছি সেরা কণ্ঠের কার্যক্রমে। আর তারপরই শুরু হচ্ছে সারেগামাপা।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: রুনা লায়লা

Post Your Comments