সাথে থাকবেন বাংলাদেশের ন্যান্সি ও মুম্বাইয়ের ডিজে শিরিন
আজ ঢাকার হোটেল রেডিসনে একটি কনসার্টে গান গাইবেন পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। এসএইচ এন্টারটেইনমেন্ট আয়োজিত এই কনসার্টে নচিকেতার সাথে আরো থাকবেন বাংলাদেশের প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী ন্যান্সি ও মুম্বাইয়ের ডিজে শিরিন।
নচিকেতার এই কনসার্ট নিয়ে ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশা করছেন প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শো করার উদ্দেশ্যে নচিকেতার এই বাংলাদেশ সফর সফল একটি কনসার্ট উপহার দেবে এ দেশের সংগীতপিপাসুদের।
জীবনমুখী গানের জন্য বিখ্যাত এই শিল্পী এপার ওপার বাংলায় সমান জনপ্রিয়। অসংখ্য জনপ্রিয় গানও আছে শিল্পীর ঝুলিতে। বলা হয় জীবনমুখী গানকে তৃণমূল পর্যায়ের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে নচিকেতার অবদান আছে অনেকখানি। সেই শিল্পীর বাংলাদেশে আগমন তাই শ্রোতাদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।
গতকাল দুপুর নাগাদ নচিকেতা বাংলাদেশে এসে পৌঁছেছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হোটেলে অবস্থান করছেন। ঢাকায় পৌঁছে তিনি ফোনে ইত্তেফাককে বলেন, ‘আমি বাংলাদেশে আসতে পারায় আনন্দিত। এদেশের মানুষের সাথে খানিকক্ষণ আনন্দ ভাগাভাগি করতে পারবো ভেবে ভালো লাগছে। আশা করছি একটি ভালো শো হবে।’
এই কনসার্টে নচিকেতা ছাড়াও বোনাস হিসেবে থাকছে আরো দুজন পারফর্মার। একজন বাংলাদেশের সময়ের অন্যতম ক্রেজ ন্যান্সি ও অপরজন মুম্বাইয়ের ডিজে শিরিন। উল্লেখ্য, এই কনসার্টের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুন ২৫, ২০০৯
Tags: নচিকেতা, ন্যান্সি, শিরিন
Related News:
Leave a Reply