আগামী বছর বিয়ে করছেন নোলক বাবু
গতবারের ক্লোজআপ তারকা নোলক বাবুর ক্লোজআপ ওয়ান হয়ে ওঠার গল্প প্রায় সবারই জানা। তার অসাধারণ গায়কি সুর ইতিমধ্যেই তাকে জায়গা করে দিয়েছে শ্রোতামহলে। আগামী ঈদে রিলিজ পেতে যাচ্ছে এ ক্লোজআপ তারকার একটি সলো ও মিক্সড অ্যালবাম। এতো কিছুর পর সবচেয়ে বড় খবর হলো, গত মাসে আংটি বদল শেষ হলেও আগামী বছরই বিয়ে করতে যাচ্ছেন নোলক। সম্প্রতি তার বর্তমান ব্যস্ততা ও বিয়ে প্রসঙ্গ নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন সাদেক সামি ও ছবি তুলেছেন শরীফ সারওয়ার
এখন কি নিয়ে ব্যস্ত?
আগামী কোরবানির ঈদে আমার একটি সলো অ্যালবাম ও একটি মিক্সড অ্যালবাম রিলিজ পাবে, এখন সেটি নিয়েই ব্যস্ত আছি। আমার সলো অ্যালবামটির নাম রেখেছি নিজের কাধে নিজে। অ্যালবামটির কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজি আর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন বারী সিদ্দিকি। সলো অ্যালবাম ছাড়া যে মিক্সড অ্যালবাম করছি তাতে আমি ছাড়াও রাজীব, রিংকু, আরাফাত ও রাশেদের গান থাকবে। এ মিক্সড অ্যালবামটির নাম রাখা হয়েছে আজ সারাদিন। অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ।
আপনার নাকি বাগদান শেষ হয়েছে?
হ্যা শুধু আংটি বদল পর্যন্তই। মেয়েটির নাম ইশিতা। তার বাবার নাম মোকসেদ চৌধুরী। তিনি আমেরিকায় থাকেন। আর ইশিতা লালমাটিয়া কলেজে এ বছর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। গত মাসে সম্পূর্ণ পারিবারিকভাবে আমাদের আংটি বদল হয়। আংটি বদলের সময় আমার পরিবার থেকে আমার বাবা-মা ও ইশিতার পরিবার থেকে তার মাসহ ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন।
ইশিতার সঙ্গে প্রথম দেখা কবে হয়েছিল?
আসলে প্রথমে তার সঙ্গে আমার কোনো দেখাই হয়নি। গত বছর ফ্যান্টাসি কিংডমে আমি একটি শো করি। শোর পরপরই ইশিতা আমার নাম্বার জোগাড় করে ফোন করে। সেদিনই প্রথম কথা হয়। এরপর আমাদের মধ্যে নিয়মিত কথা হতো। কথা বলতে বলতে আমাদের সম্পর্ক এক সময় বেশ গভীর হয়। তারই পরিণতিতে আমাদের পারিবারিকভাবে এ আংটি বদল।
আংটি বদল তো হলো। বিয়েটা হচ্ছে কবে?
বিয়েটা একটু দেরিতেই হবে। ইশিতা তো মাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। আগামী বছর তার ইন্টারমিডিয়েট পরীক্ষার পর আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে হবে।
বিয়ের অনুষ্ঠান করবেন কোথায়?
সম্ভব হলে ঢাকা স্টেডিয়ামে। আমার বিয়েতে আমি সম্ভব হলে পুরো বাংলাদেশের মানুষকে দাওয়াত করে খাওয়াতে চাই। তবে এর বাইরে কিন্তু আমার নিজ জেলা জামালপুরের মানুষকে বাদ দেয়া যাবে না। জামালপুরে অবশ্যই একটি অনুষ্ঠানের আয়োজন করবো।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: Nolok Babu, নোলক বাবু
Post Your Comments