আগামী ঈদে অ্যালবাম আসবে : মিলা
![]()
ফুয়াদের ফিচারিংয়ে চ্যাপ্টার টু অ্যালবামটি প্রকাশের পর রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন মিলা। অ্যালবামের বাবুরাম সাপুড়ে, রূপবানে নাচে কোমর দোলাইয়া গানগুলো এখন সবার মুখে মুখে। সম্প্রতি তিনি বিভিন্ন বিষয় নিয়ে মুখোমুখি হয়েছিলেন যায়যায়দিনের। তার সম্পর্কে বিস্তারিত লিখেছেন রণক ইকরাম।
চ্যাপ্টার টুর ব্যাপক সাফল্যের পর আগামী অ্যালবাম নিয়ে আপনার পরিকল্পনা কী?
আমি চ্যাপ্টার টুর সাফল্য এখনো উপভোগ করছি। আর ব্যস্ততার ফাঁকে ফাঁকে আগামী অ্যালবাম নিয়েও পরিকল্পনা করছি। এ অ্যালবামেও যথেষ্ট চমক থাকবে বলে আশা করছি।
কী ধরনের চমক? আর অ্যালবামটি বেরুচ্ছে কবে?
চমকটা এখনই বলতে চাচ্ছি না। আমার মনে হয়, সেটা চমক হয়ে থাকলেই ভালো হয়। আর সব ঠিক থাকলে আগামী ঈদেই আমার পরবর্তী অ্যালবাম নিয়ে হাজির হবো।
একেবারে পাক্কা এক বছর কেন?
আমি আসলে বছরে একটার বেশি অ্যালবাম করার ব্যাপারে আগ্রহী নই। এতে সৃষ্টির অভিনবত্ব কমে যায়। আমার প্রথম অ্যালবাম ফেলে আসা বের হওয়ার প্রায় এক বছর পর চ্যাপ্টার টু প্রকাশিত হয়েছে। একই ধারাবাহিকতায় আমার আগামী অ্যালবামটি বাজারে আসবে।
অ্যালবামের গানগুলো কি চ্যাপ্টার টুর মতোই হবে?
এখনো ঠিক বলতে পারছি না। তবে অবশ্যই ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করবো। আর কাজটা ভালো করতে চাইছি বলেই এতোটা সময় নিয়ে অ্যালবামটি করছি। তাছাড়া চ্যাপ্টার টুর সাফল্য আগামী অ্যালবামে শ্রোতাদের প্রত্যাশা নিঃসন্দেহে বাড়িয়ে দিয়েছে।
আপনি কি জি সিরিজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন?
হ্যাঁ আমি আগামী পাঁচ বছরের জন্য জি সিরিজের ব্যানারে পাঁচটি অ্যালবাম রিলিজের ব্যাপারে চুক্তিবদ্ধ।
শোনা যাচ্ছে, আপনি নাকি পাঁচ বছর পরের অ্যালবামের জন্য সঙ্গীতা থেকে আগাম টাকা নিয়েছেন?
প্রশ্নই আসে না। সঙ্গীতা তাদের ব্যানারে কাজ করার প্রপোজাল দিয়েছে। আমি বলেছি পরে সময় সুযোগমতো করে দেবো। ব্যস এটুকুই।
বাংলা গানের সুষ্ঠু বিকাশের পথে হিন্দি গানের প্রভাবকে অনেকেই অপসংস্কৃতির প্রভাব বলে আখ্যা দিচ্ছে। আপনি কি বলেন?
মিউজিককে আমি একটা ইউনিভার্সেল বিষয় মনে করি। আমাদের যেটা করা উচিত সেটা হলো হিন্দি গানের আগ্রাসন ঠেকানোর জন্য উঠেপড়ে না লেগে বাংলা গানকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা। আমাদের জেমস ও হিন্দি গান গাইছেন। আলোচনায়ও এসেছেন। কাজেই কেবল সমালোচনায় মেতে না থেকে বাংলা গানকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।
কিন্তু আমরা কি বাংলা গানকে ঠিকমতো প্রমোট করতে পারছি?
সে রকমভাবে হয়তো পারছি না। তবে এখন পরিস্থিতি কিছুটা হলেও পাল্টেছে। এক্ষেত্রে এফএম রেডিও চ্যানেলগুলোর ভূমিকা অনস্বীকার্য। আর টিভি চ্যানেলগুলোতে মিউজিকের জন্য সময় বাড়াতে হবে। সবচেয়ে ভালো হয় আবার যদি দু’একটি মিউজিক চ্যানেল আসে।
বাংলাভিশনে একটি গানের অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে আপনাকে দেখা গিয়েছিল। আগামীতে তেমন কিছু করবেন কি?
আপাতত সে ধরনের ইচ্ছা নেই। তবে অনুরোধ রক্ষা করতে গিয়ে যে অনুষ্ঠানটির উপস্থাপনা আমি করেছি সেই উপস্থাপনার অভিজ্ঞতাটি আমার কাছে খুব একটা সুখকর ছিল না।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Music Tags: জেমস, ফুয়াদ, মিলাRelated posts
Bangla Music : Incoming search terms
- milabangla (7) -

Post Your Comments