Please Donate

Other Links

অ্যালবাম রিভিউ

গত কয়েক বছরের ঝিমিয়ে পড়া অডিও বাজার সম্প্রতি চাঙ্গা হয়ে উঠেছে ওয়ারফেইজের গিটারিস্ট ও ভোকাল বালামের সেল্ফ টাইটেল অ্যালবাম বালাম দিয়ে। একেবারেই আলাদা ধরনের গায়কী স্টাইল, মোহনীয় সুরের যাদু আর ফিউশন টাইপ মিউজিক অ্যারেঞ্জমেন্টের কারণে খুব সহজেই শ্রোতাদের গ্রহণযোগ্যতা অর্জন করেছে অ্যালবামটি। এফএম রেডিও চ্যানেলগুলোতে শ্রোতাদের অনুরোধে নন স্টপ বেজে চলেছে বালামের গান। টিভি চ্যানেলগুলোও হরদম প্রচার করছে কিছু কিছু গানের মিউজিক ভিডিও। বিশেষ করে এক মুঠো রোদ্দুর এবং লুকোচুরি গান দুটি এখন সারা দেশের দোকানে দোকানে, ঘরে ঘরে বাজতে শোনা যাচ্ছে। অ্যালবামটি বাজারে আসে গত রোজার ঈদে। মুক্তি দিয়েছিল লেজারভিশন। একটি ইন্সটু্রমেন্টালসহ অ্যালবামে গান রয়েছে মোট নয়টি।

প্রথম গানের শিরোনাম এক মুঠো রোদ্দুর। এক মুঠো রোদ্দুর হাতে/এক আকাশ নীল/আজ তোমার জন্য ব্যস্ত শহরে/চলছে ভালোবাসার মিছিল/শুধু তোমার জন্য/প্রেমের জোয়ারে ভাসলো দু’কূল… রোমান্টিক কথার এ গানটি প্রথম শোনাতেই যে কারো ভালো লেগে যাওয়ার মতো। প্যাড, স্ট্রিংস, ভায়োলিন, অর্কেস্টাল ইন্সট্রুমেন্ট হার্ব আর অ্যাকোস্টিক গিটারে করা পপ ফিউশন টাইপ এ গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট নিঃসন্দেহে অসাধারণ। গানটি শুরু হয়েছে অসম্ভব টাচি একটা ভায়োলিন পিস দিয়ে। প্রথম ইন্টারলুডেও রয়েছে আকর্ষণীয় ভায়োলিন পিস। সেকেন্ড ইন্টারলুডে সিম্পল একটি গিটার পিস, যা মনোযোগ কাড়ার মতো। তবে গানটির সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে বালামের হামিং। গানটির ওভারঅল হামিং পার্ট মুগ্ধ করার মতো। অ্যালবামের দ্বিতীয় গান আশার নীলাচল। ফাংক ফিউশন টাইপ এ গানটির রিদম সেকশন খুবই স্মার্ট। সেতার স্টাইলে বাজানো ইনডিয়ান ক্লাসিকাল টাইপ গিটার প্লেয়িং আলাদা মনোযোগ দাবি করে। রক ফিউশন সং নূপুর বাজে। মিউজিক অ্যারেঞ্জমেন্টে ভায়োলিনের কাজ, অ্যাকোস্টিক গিটার প্লেয়িং এবং ব্যাকিং পিয়ানো অত্যন্ত সুন্দর। এ গানটির বেইজ গিটার অন্য সব গান থেকেই আলাদা এবং বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। টেকনো বিটে করা কমপ্লিট পপ গান লুকোচুরি। প্রিলিউডে হামিং পার্ট মুহূর্তেই যে কোনো শ্রোতাকে মুগ্ধ করার মতো। মিউজিক অ্যারেঞ্জমেন্ট অসাধারণ। বিশেষ করে সেকেন্ড ইন্টারলুডের গিটার পিস প্রশংসাযোগ্য। অ্যালবামের পঞ্চম গান তোমার জন্য। পপ ফিউশন টাইপ এ গানটিতেও রয়েছে অসাধারণ হামিং পার্ট। সেই সঙ্গে ভায়োলিনের যাদু। গানটিতে ওভারঅল গিটারের প্লাকিং খুব ভালো লেগেছে। সম্পূর্ণ গিটার বেইজ পপ রক গান রূপকথা । সপ্তম গান বিরহের সাম্পান। রিদমের সঙ্গে ল্যাটিন পারকাশন আর অ্যাকোস্টিক গিটারে সফট মেলোডি প্যাটার্নের এ গানটির কম্পোজিশন খুবই সিম্পল কিন্তু ভালো লাগার মতো। ফিউশন রক প্যাটার্নে করা অ্যালবামের অষ্টম গান সমর্পণ। ক্লাসিকাল ঘরানার সুর আর স্ট্রিংস, পিয়ানো ও ডিসটরশন গিটারে করা মিউজিক অ্যারেঞ্জমেন্ট অন্য রকম ভালোলাগার জন্ম দেয়। অ্যালবামের সবশেষে রয়েছে একটি ইন্সট্রুমেন্টাল। নাম রাখা হয়েছে রংধনু। সন্তুর, সেতার, আর ডিসটরশন গিটারে করা ইনডিয়ান ক্লাসিকালের মিশ্রণে ফিউশন ধর্মী এ ইন্সট্রুমেন্টালটি মিউজিশিয়ানদের যেমন ভালো লাগবে, তেমনি ভালো লাগবে সাধারণ শ্রোতাদেরও।

সবশেষে বলা যায়, বিগত কয়েক বছরে বাজারে আসা সলো শিল্পীদের অ্যালবামের মধ্যে অন্যতম সেরা অ্যালবাম বালাম। বিভিন্ন শিল্পীর গাওয়া একই ধাচের গান শুনতে শুনতে শ্রোতারা যখন বোরড ঠিক তখনই বালাম এসে ব্যতিক্রমী স্বাদ দিয়েছেন শ্রোতাদের। অ্যালবামটির কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে শিল্পীর ব্যতিক্রমী গায়কী স্টাইল ও টোনাল কোয়ালিটি আর সেই সঙ্গে গানগুলোর সুরের বৈচিত্র্য। মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল একেবারেই আলাদা ধরনের। বালাম একজন তুখোড় গিটারিস্ট হলেও এ অ্যালবামের গানগুলোতে গিটারে রয়েছে তার পরিমিতি বোধ। যেখানে ঠিক যতোটুকু দরকার, ততোটুকুই বাজিয়েছেন তিনি। তবে ভায়োলিনের কাজ করেছেন সবচেয়ে বেশি, সেটাও কিন্তু যথাযথভাবেই। আধুনিক, ক্লাসিকাল, ব্যান্ডসহ সব ধরনের গানেই অহরহ ভায়োলিনের ইউজ হচ্ছে আমাদের এখানে, কিন্তু বালামের মতো এতোটা পরিচ্ছন্ন আর আকর্ষণীয়ভাবে খুব কম মিউজিশিয়ানই ভায়োলিনের ইউজ করতে পেরেছেন।

সূত্রঃ যায়যায়দিন।

Post Your Comments

Bangla Music : Incoming search terms

    এক মুঠো রোদ্দুর হাতে (1) - গিটারে (1) -