শ্রেয়া ঘোষাল কিংবা অনুরাধা পাডোয়াল নন, অবশেষে এটিএন বর্ষপূর্তিতে গান গাইবেন নগরবাউল জেমস। যদিও এটিএন বর্ষপূর্তিতে ভারতের বিগ সেলিব্রেটি রাজেশ খান্না, গায়িকা শ্রেয়া ঘোষাল, অনুরাধা পাডোয়াল এবং ইন্ডিয়ান আইডলখ্যাত অভিজিৎ সাওয়ান্তের উপস্থিত থাকার ঘোষণা দিয়েছিল টিউলিপ এন্টারটেইনমেন্ট। শনিবার টিউলিপ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে জানানো হয়, গভমেন্ট অর্ডার (জিও) না পাওয়ার কারণেই ভারতীয় সেলিব্রেটিদের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছে। তবে ভারতীয় শিল্পীদের অংশগ্রহণে চলতি মাসেই একটি বাণিজ্যিক শো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে টিউলিপ এন্টারটেইনমেন্ট। এ প্রসঙ্গে জানতে চাইলে এটিএন বাংলার প্রধান সমন্বয়কারী খন্দকার জাহাঙ্গীর কবির জানান, এখন দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের অংশগ্রহণেই বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জানা গেছে, ভারতজয়ী শিল্পী নগরবাউল জেমস এটিএন বর্ষপূর্তিতে দুটি গানে লিপসিং করবেন বলে রাজি হয়েছেন। ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এটিএন বর্ষপূর্তির বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিকে ১৬ জুলাই আর এক ভারতীয় শিল্পী অলকা ইয়াগনিকের শোর টিকেট দেদার বিক্রি হচ্ছে। ডাইনামিক কমিউনিকেশন ও রেড এন্টারপ্রাইজের যৌথ আয়োজনে অলকা ইয়াগনিকের লাইভ শো জমবে বলেই সবাই ধারণা করছেন। ১৬ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অলকা ইয়াগনিক লাইভ অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, ১৫ জুলাই অলকা ইয়াগনিক ঢাকায় পৌঁছবেন। ১ হাজার ৯০০ টিকেটের মধ্যে ইতিমধ্যে প্রায় ১০০০ টিকেট বিক্রি হয়ে গেছে। এরই মধ্যে শ্রোতাদের অনুরোধে সাধারণ টিকেটের মূল্য ১০০০ টাকা কমিয়ে ২৫০০ টাকা রাখা হয়েছে। অন্যদিকে ভিআইপি টিকেটের দাম ৪ হাজার ৫০০ টাকাই থাকছে। এ প্রসঙ্গে ডাইনামিক কমিউনিকেশনের কাজী জুনায়েদ আহমেদ জানান, আমরা খুব অর্গানাইজড ওয়েতে অলকা ইয়াগনিকের শোর আয়োজন করছি। তাই শুরু থেকেই টিকেট বিক্রির ফ্লো খুবই ভালো।
সূত্র: যায়যায়দিন, জুলাই ১৩, ২০০৯
Tags: অলকা ইয়াগনিক, জেমস, শ্রেয়া ঘোষাল
Related News:
Leave a Reply